সইতে না পারে এত কষ্ট এক জীবনে,
তবু তারা সয়ে যায়, শেষ হয় মরণে?
টোকাই বলে কেহ চেনে, কেহ বলে ভাসমান,
কেহ কাজ, কেহ চুরি, কেহ করে দেহদান।
ফুটপাথে জন্ম তাদের, যত্র তত্র মরণ,
ঘুরে ফিরে বলি তবু কপালের লিখন।
শত ছিন্ন বসন তাদের, কারো তাও নেই,
কত শত চেষ্টা তবু যেই আর সেই।
ডাস্টবিনে কাটে দিন, ফুটপাথে রাত,
পেট পুরে জোটে নাতো দুই মুঠো ভাত।
কখনো উপোষ রজনী, কখনো সকালে,
এত দুঃখ কষ্ট তবে লেখা ছিল কপালে?
দিনে কেহ রোদে পোড়ে, ভিজে বৃষ্টিতে,
রাত্তিরে মেলেনা ঠাঁই ঘন বরষাতে।
অসুখে ঔষধ নেই, নেই কোন পথ্য,
শুধু জোটে গালি আর ভাষা অকথ্য।
তাদেরও স্বপ্ন আছে, আছে অধিকার,
অন্ন, বস্ত্র, বাসস্থান আর বেঁচে থাকার।
বাসনা মনেতে থাকে, জীবন ফুরায়,
এভাবেই একদিন হারিয়ে যায়।